১৮ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৫৫, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৫৬, ১৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে জি-স্কপের কমিটি গঠন, ডিসেম্বরের মধ্যে চান নতুন মজুরি কাঠামো

নারায়ণগঞ্জে জি-স্কপের কমিটি গঠন, ডিসেম্বরের মধ্যে চান নতুন মজুরি কাঠামো

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ এবং বন্ধ কলকারখানা চালুর দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ), নারায়ণগঞ্জ জেলা শাখা। সংগঠনটির জেলা কমিটি গঠন ও পরিচিতি সভায় নেতারা এ ঘোষণা দেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায় গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ। উপস্থিত ছিলেন জি-স্কপের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক বাচ্চু মিয়া।

সভায় গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বিজিডব্লিউইএফ এবং বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় গার্মেন্টসশিল্পের শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নেতারা অবিলম্বে মজুরি বোর্ড গঠন, জাতীয় পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি নির্ধারণ এবং ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো কার্যকর করার দাবি জানান। একই সঙ্গে শ্রমিক ছাঁটাই, নির্যাতন ও দমন-পীড়ন বন্ধ এবং বন্ধ হয়ে যাওয়া সব কলকারখানা দ্রুত চালুর দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সভায় জি-স্কপের নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দুজন। তাঁরা হলেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি এম এ শাহিন।

কমিটির অন্য আট সদস্য হলেন: বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইসমাইল হোসেন কাউছার, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, বিজিডব্লিউইএফের জেলা সভাপতি রায়হান শরীফ, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের জেলা সাধারণ সম্পাদক মো. মোস্তফা রনি, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সেলিম এবং বিজিডব্লিউইএফের জেলা সাধারণ সম্পাদক মো. রিদয় মৃধা।

সভায় নেতারা বলেন, গার্মেন্টসশিল্পের শ্রমিকদের ন্যায্য মজুরি, চাকরির নিরাপত্তা, কর্মক্ষেত্রে মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের বিকল্প নেই। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, অন্যায়ভাবে ছাঁটাই ও নির্যাতন বন্ধ এবং বন্ধ কলকারখানা চালুর লক্ষ্যে জি-স্কপের নেতৃত্বে সম্মিলিত আন্দোলন আরও জোরদার করা হবে।

তাঁরা আরও বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়