বন্দরে মাদ্রাসায় পরীক্ষার ফি কমানোর দাবিতে বিক্ষোভ, ভাঙচুর
নারায়ণগঞ্জের বন্দরে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এবং পরীক্ষার ফি কমানোর দাবিকে কেন্দ্র করে বন্দর ইসলামিয়া ফাযিল মাদরাসায় বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ক্লাস বর্জন করে মাদরাসা প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তাঁরা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেন।
এ সময় প্রশাসনিক ভবন ও কয়েকটি শ্রেণিকক্ষের জানালার কাচ, টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও স্থানীয়রা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শিক্ষার্থীদের অভিযোগ, দরিদ্র শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষার ফি কমানোর আবেদন নিয়ে গেলে অধ্যক্ষ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাঁরা আন্দোলনে নামেন। এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণ দাবি করেন।
তবে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আতিকুল্লাহ। তিনি বলেন, “কিছু শিক্ষার্থী ইউনিফর্ম ছাড়াই ক্লাসে আসছিল। এ নিয়ে আমি তাদের নিষেধ করেছি। এখানে দুর্ব্যবহারের প্রশ্নই ওঠে না। পরীক্ষার ফি কমানোর দাবিতে তারা কয়েক দিন ধরে বলছিল। আমি বলেছি, যাদের সামর্থ্য নেই তারা আবেদন করুক। কিন্তু তারা ধৈর্য ধরেনি।”
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, “সংবাদ পাওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি বিষয়টি দেখছেন এবং সমাধানের জন্য কাজ করছেন।”





































