সোনারগাঁয়ে কারুশিল্প ফাউন্ডেশনের হিসাব সহকারীর উপর হামলার অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের হিসাব সহকারী (চলতি দায়িত্ব) মো. দিলোয়ার হোসেনকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
গত শুক্রবার (১৬ অক্টোবর) রাতে পানাম নগরীর কাছে পানাম লেক সিটির সড়কে পাঁচ থেকে সাতজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর ওপর হামলা করেন বলে অভিযোগ করেছেন তিনি।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দিলোয়ার।
তিনি শনিবার ফাউন্ডেশনের পরিচালকের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন। এতে দিলোয়ার অভিযোগ করেন, হামলাকারীরা তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন এবং এলোপাতাড়ি কিলঘুষি মারেন।
এ হামলার পেছনে ফাউন্ডেশনের কয়েকজন কর্মকর্তা জড়িত আছেন বলেও সন্দেহ করেন দিলোয়ার।





































