পলিটেকনিক ইনস্টিটিউট সোনারগাঁয়ে, অধিগ্রহণ হবে ৫ একর জমি
নারায়ণগঞ্জের মূল শহরের আশপাশে সদর কিংবা বন্দর উপজেলায় নয়, জেলার পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে সোনারগাঁয়ে। দেশে-বিদেশের চাকরির বাজারের উপযোগী দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে সরকারের ‘২৩টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন’ প্রকল্পের আওতায় এটি নির্মাণ করা হবে। এ জন্য পাঁচ একর জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সোনারগাঁ উপজেলার দরপত ঠোটালিয়া মৌজায় ৩ দশমিক ৬৩ একর এবং রাইজদিয়া মৌজায় ২ দশমিক ৩৭ একরসহ মোট পাঁচ একর জমি অধিগ্রহণের জন্য নির্ধারণ করা হয়েছে।
ইতোমধ্যে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭ অনুযায়ী প্রস্তাবিত জমিতে প্রত্যাশী সংস্থা ও জেলা প্রশাসনের সমন্বয়ে গত ১৭ সেপ্টেম্বর যৌথ তদন্ত সম্পন্ন হয়েছে।
প্রস্তাবিত পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। এতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অটোমোবাইল, শিপ বিল্ডিং, মেরিন, ইলেকট্রনিকস, মেকাট্রনিকস, রিনিউয়েবল অ্যান্ড গ্রিন এনার্জি, ফুড ও এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টসহ বিভিন্ন কারিগরি বিষয়ে শিক্ষার সুযোগ থাকবে।





































