২২ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৮, ২২ সেপ্টেম্বর ২০২৬

ডাকাতির মামলায় গ্রেপ্তারের একদিন পরই জামিনে মুক্ত কৃষকদল নেতা

ডাকাতির মামলায় গ্রেপ্তারের একদিন পরই জামিনে মুক্ত কৃষকদল নেতা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও কৃষকদল নেতা নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলা গ্রেপ্তারের একদিন পরই আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বারদী এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়। পরদিন তাকে আদালতে পাঠানো হলে আদালত থেকে জামিন পান তিনি।

নুর মোহাম্মদ উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকার মৃত অদুদ ব্যাপারীর ছেলে। তিনি বারদী ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, নুর মোহাম্মদের বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। 

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, নুর মোহাম্মদ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের আগে তিনি জাতীয় পার্টির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে কৃষকদলের রাজনীতিতে যুক্ত হন বলেও দাবি করেন তারা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক নুর মোহাম্মদকে গ্রেপ্তারের পর জানিয়েছিলেন, ডাকাতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

এর একদিন পরই আদালত থেকে জামিনে মুক্তি পান নুর মোহাম্মদ।

সর্বশেষ

জনপ্রিয়