২২ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১৯, ২২ সেপ্টেম্বর ২০২৬

সন্তানের প্রথম বন্ধু হতে হবে বাবা-মাকে: বন্দর ইউএনও

সন্তানের প্রথম বন্ধু হতে হবে বাবা-মাকে: বন্দর ইউএনও

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেছেন, সন্তানদের সঙ্গে বাবা-মায়ের সুদৃঢ় মানসিক বন্ধন তৈরি করা প্রয়োজন। বাবা-মা সন্তানের প্রথম বন্ধু হতে পারলে সে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হবে এবং অনেক বিপদ থেকে দূরে থাকতে পারবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বন্দর উপজেলার নৌবাহিনী ডকইয়ার্ড স্কুল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ইউএনও শিবানী সরকার জানান, তিনি প্রায় প্রতি সপ্তাহেই একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় নৌবাহিনী ডকইয়ার্ড স্কুল পরিদর্শন করেন। এ সময় দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিন্তাভাবনা ও মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করেন।

তিনি বলেন, “ওদের দৃষ্টিভঙ্গি কেমন, আমাদের সঙ্গে কতখানি মেলে, কোথায় অমিল এগুলো আমাদের জানা খুব প্রয়োজন। আমরা যদি সন্তানের প্রথম বন্ধু হই, তাহলে সে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হবে এবং অনেক বিপদ থেকে দূরে থাকবে।”

শিবানী সরকার আরও বলেন, “পড়াশোনার মান ও পরিবেশ ভালো হওয়া অবশ্যই প্রয়োজন। তার চেয়েও বেশি প্রয়োজন সন্তানদের সঙ্গে আমাদের সুদৃঢ় মানসিক বন্ধন, তাদের জন্য ভালো দিকনির্দেশনা এবং নিজেদের কাজের মাধ্যমে তাদের সামনে দেশপ্রেম ও মানবতার দৃষ্টান্ত স্থাপন করা।”

তিনি শিশুদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ কামনা করে বলেন, “আমাদের সন্তানরা দুধে-ভাতে থাকুক।”

সর্বশেষ

জনপ্রিয়