২১ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৩, ২১ সেপ্টেম্বর ২০২৬

ইসলামই মানবতার মুক্তির পথ: চরমোনাই পীর

ইসলামই মানবতার মুক্তির পথ: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইসলামই মানবতার মুক্তির পথ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া রয়েল মুন রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘মানুষ এমন সব পথ ও পদ্ধতিতে শান্তি খোঁজে, যেখানে কোনো শান্তি নেই। ১৪ শত বছর আগে রাসুলুল্লাহ (সা.) যে মুক্তির পথ দেখিয়ে গেছেন, সেই পথ ছেড়ে আমরা ভিন্ন উপায়ে শান্তি খুঁজি। অথচ ইসলামই মানবতার মুক্তির পথ।’

দেশের জ্বালানি ও নিত্যপণ্যের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতিতে জনগণ নাজেহাল। দুর্নীতি ও দুঃশাসন এই অস্থিরতার অন্যতম কারণ।’ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব বলে মত দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জ্বালানি খাতে নতুন করে মূল্যবৃদ্ধির কারণে মানুষের ওপর চাপ আরও বাড়বে। রাষ্ট্রীয় ব্যর্থতার দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ আব্দুর রশীদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি শিব্বির আহমাদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

এ ছাড়া জেলা শাখার সহসভাপতি আলহাজ ফারুক আহমাদ মুন্সী, মাওলানা হাবিবুর রহমান জিহাদী, নজরুল ইসলাম মাস্টার, জয়েন্ট সেক্রেটারি মো. মনির হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সামছুল আলম খন্দকার, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী ও মাসুদ রানা, প্রচার সম্পাদক মাওলানা মো. হোসাইন গাজীসহ সংগঠনের নেতাকর্মী ও আমন্ত্রিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়