সোনারগাঁ পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান আর নেই
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার সাবেক মেয়র ও প্রবীণ জনপ্রতিনিধি মো. সাদেকুর রহমান আর নেই। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাদেকুর রহমান সোনারগাঁ পৌরসভার গোয়ালদী গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতি, জনপ্রতিনিধিত্ব ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
সোনারগাঁ পৌরসভা প্রতিষ্ঠার আগে তিনি আমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১০ সালের পৌরসভা নির্বাচনে সাদেকুর রহমান মেয়র নির্বাচিত হন। ২০১৫ সালের নির্বাচনেও জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো সোনারগাঁ পৌরসভার মেয়রের দায়িত্ব নেন।
দুই মেয়াদে মেয়রের দায়িত্ব পালনের পর তাঁর নেতৃত্বাধীন পৌর পরিষদের মেয়াদ শেষ হয়। পরবর্তী সময়ে নির্বাচন না হওয়ায় ২০২২ সালে পৌর পরিষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
জনপ্রতিনিধিত্বের পাশাপাশি ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন সাদেকুর রহমান। তিনি বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুর খবরে সোনারগাঁয়ের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনে শোক নেমে এসেছে।





































