৩০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৮, ২৯ আগস্ট ২০২৬

আপডেট: ২১:৪৫, ২৯ আগস্ট ২০২৬

মাদক-ছিনতাই রোধে পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করার আহ্বান নারায়ণগঞ্জ নগরীর

মাদক-ছিনতাই রোধে পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করার আহ্বান নারায়ণগঞ্জ নগরীর

নারায়ণগঞ্জ নগরীর টানবাজার এলাকায় লয়েল ট্যাংক ও শহীদ সোহরাওয়ার্দী সড়ক পঞ্চায়েত কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাইসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধে পুলিশ, পঞ্চায়েত কমিটি, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেছেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে টানবাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি শামসুজ্জামান চন্দনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সোহেল আক্তার সোহান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক মাজহারুল ইসলাম জোসেফ, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক আহমেদুর রহমান তনু প্রমুখ।

সংসদ সদস্য আবুল কালাম বলেন, “পঞ্চায়েত ব্যবস্থাটি এখন আর আমাদের মধ্যে নেই। এটি আদিকালে ছিল। কিন্তু এটি এখন ইউনিয়ন পরিষদের মাধ্যমে সেসব কাজের সমাধান করা হয়। পঞ্চায়েত ব্যবস্থাটি এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে প্রাথমিকভাবে এলাকায় স্থায়ীভাবে সমাধানের প্রক্রিয়া ছিল।”

তিনি পঞ্চায়েতের উদ্যোগের প্রশংসা করে বলেন, “এখানে যেসব বিষয়ে আলোচনা করা হয়েছে, মাদক, চুরি, ছিনতাই, খুন, মাদক ব্যবসা ও সেবনের বিষয়ে কথা হয়েছে। এসব বিষয়ে আমরা যারা সরকারে থাকি, তাদের ওপরেই দোষটা চলে আসে। নির্বাচনের প্রথম দুই মাস আইনশৃঙ্খলা বাহিনীর হারানো ভাবমূর্তি, যেটি বিগত সরকার নিজের মতো করে নিয়েছিল, সেই জায়গা থেকে উঠতে কিছুটা সময় প্রয়োজন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীতে যারা আছেন এবং আমরা সকলে একত্রে মিলে কাজ করবো।”

সভায় তারেক আল মেহেদী বলেন, “সমাজে অপরাধ কমানোই সবার মূল লক্ষ্য। এ জন্য পঞ্চায়েত কমিটি, নাগরিক সমাজ, কমিউনিটি পুলিশিং কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

টানবাজার এলাকায় বৃহস্পতিবার টাকা সংগ্রহের সময় ছিনতাইয়ের আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিষয়টি পুলিশের নজরে এসেছে। ওই এলাকায় বিশেষ টিমের মাধ্যমে সাদা পোশাক ও পোশাকধারী পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবারও বিশেষ নজরদারি থাকবে, যাতে ছিনতাইকারীরা অপরাধ করার সুযোগ না পায়।”

দুই নম্বর গেটে সড়কে বাস রেখে দেওয়ার বিষয়েও কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার। তিনি বলেন, “নগরে বাস রাখার নির্দিষ্ট জায়গার সংকট রয়েছে। ফলে দুই নম্বর গেটে বাস রাখার কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল আক্তার সোহান বলেন, “তাঁরা দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন। আগে এলাকাটি শান্তিপূর্ণ ছিল। বর্তমানে পুরো এলাকা শিল্পাঞ্চল হওয়ায় শ্রমিকদের চলাচল বেড়েছে। এর ফলে সামাজিক নানা সমস্যা তৈরি হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়