সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে ১৭ মাদকসেবীর কারাদণ্ড-জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে আটক ১৭ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
শনিবার (২৯ আগস্ট) নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের এ সাজা দেন।
পুলিশ জানায়, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিকের নেতৃত্বে শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনটি দল অভিযান চালায়। কাঁচপুর বাজার, বৈদ্যের বাজার ও সোনারগাঁ জাদুঘর এলাকায় পরিচালিত অভিযানে ১৫ জন মাদকসেবীকে আটক করা হয়।
আটক ১৫ জনকে শনিবার আদালতে হাজির করা হলে বিচারক ৮ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা এবং ৭ জনকে পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন—মিলন মিয়া (২৩), বিজয় দাস (২৬), জুয়েল (২২), রুহুল আমিন (১৯), শাহীন (২৬), আশিক (২২), রাব্বি মিয়া (২৫), বিল্লাল সরকার (২৭), ইউসুফ (২৪), আরিফ হোসেন (২৫), রিপন (৩৭), আলামিন (২৫), ওমর ফারুক (৫০), কাজি রিপন (৪২) ও হৃদয় (৩২)। তাদের মধ্যে কয়েকজন সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং কয়েকজন অন্য জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসও বটতলা ষষ্ঠ তলা বিল্ডিংয়ের সামনে সুমনের সিএনজি গ্যারেজে অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করা হয়।
তারা হলেন—নাদিম হোসেন (৩৪) ও মিশন মিয়া (২৩)। আদালত তাদের প্রত্যেককে পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





































