৩০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৮, ২৯ আগস্ট ২০২৬

আপডেট: ২০:৫৩, ২৯ আগস্ট ২০২৬

সরকারের দুর্বলতা হলো তারা সত্যটা তুলে ধরার চেষ্টা করে: রাজিব

সরকারের দুর্বলতা হলো তারা সত্যটা তুলে ধরার চেষ্টা করে: রাজিব

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, জুলাই শহীদ পরিবারের সম্মান নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। তাদের সম্মান সবার ওপরে এবং তাদের জন্য প্রয়োজনের চেয়ে বেশি করার আন্তরিকতা রয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ আয়োজিত ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মাশুকুল ইসলাম রাজিব বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা কী করতে পারব বা পারব না জানি না। তবে জুলাই শহীদ পরিবারের যে সম্মান, তা নিয়ে ছিনিমিনি খেলতে কাউকে দেব না। আপনাদের সম্মান সবার ওপরে। আপনাদের জন্য যতটুকু করার দরকার, তার চেয়ে বেশি করার আন্তরিকতা আমাদের রয়েছে। শুধু একটু সময়ের প্রয়োজন।’

তিনি বলেন, দীর্ঘদিনের ভঙ্গুর অর্থনীতির ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। সরকারের একটি দুর্বলতা হলো তারা সত্যটা তুলে ধরার চেষ্টা করে। নিজের যা আছে, সেটাই সবার সামনে তুলে ধরার চেষ্টা করেন বলেও মন্তব্য করেন তিনি।

মাশুকুল ইসলাম রাজিব বলেন, ‘আমরা অনেক সময় মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করি। এটা জুলাইয়ের চেতনার সঙ্গে যায় না।’

তিনি আরও বলেন, ‘কাউকে ছোট করে কথা বলবেন না, কাউকে যা ইচ্ছা তা বলবেন এটা কিন্তু জুলাই স্পিরিট নয়। কথা বলার স্বাধীনতা সবার আছে, কিন্তু এমন পর্যায়ে নয় যে আপনি যা খুশি তা বলে যাবেন।’

রাজনৈতিক বক্তব্যে দ্বৈত মানদণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা যারা সংসদে যাইনি, তারা টেলিভিশনে দেখি একজন বক্তব্য দিলে সবাই এর বিরোধিতা করে। কিন্তু আরেকজন একই ধরনের বক্তব্য দিলে তারা সেটিকে অশোভন বলে। এই ডাবল স্ট্যান্ডার্ডের মানসিকতা দেশের মানুষকে হতাশায় ফেলে দেয়।’

তিনি বলেন, অনেকে বিগত স্বৈরাচারী সরকারের সঙ্গে বর্তমান সরকারের তুলনা করেন। ‘কতটা নির্লজ্জ হলে এমন কথা বলা যায়। বুকে হাত দিয়ে বলুন তো, আগে আপনারা যে অত্যাচারের শিকার হয়েছেন, তা এখন হচ্ছে কি না?’ বলেন তিনি।

আলোচনা সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার, জেলা যুবদল সদস্য সচিব মশিউর রহমান রনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়