২৮ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৮, ২৭ আগস্ট ২০২৬

২ নম্বর গেটে রাস্তা দখল করে বাস, স্থানান্তরের দাবি ছাত্র ফেডারেশন

২ নম্বর গেটে রাস্তা দখল করে বাস, স্থানান্তরের দাবি ছাত্র ফেডারেশন

নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর গেট এলাকায় রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকা উৎসব ও বন্ধন পরিবহনের বাস অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা।

এক যৌথ বিবৃতিতে সংগঠনটির নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর ও সদস্য সচিব তাহমিদ আনোয়ার এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, ২ নম্বর গেট এলাকায় রাস্তার ওপর উৎসব ও বন্ধন পরিবহনের বাস দাঁড়িয়ে থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। বিশেষ করে নারায়ণগঞ্জ হাই স্কুল ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের নিয়মিত চলাচলের পথে এসব বাস প্রতিবন্ধকতা তৈরি করছে।

তারা আরও বলেন, ব্যস্ততম সড়কে বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে থাকায় যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারীদের চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষকেও যানজটে আটকে থাকতে হচ্ছে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ও স্থায়ী উদ্যোগ দৃশ্যমান নয়। শুধু সাময়িকভাবে রাস্তা পরিষ্কার করলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। বাস দাঁড়ানোর স্থান অন্যত্র স্থায়ীভাবে স্থানান্তরের দাবি জানান তারা।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতারা বলেন, শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও নগরবাসীর স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করা জরুরি। এ জন্য দ্রুত ২ নম্বর গেট এলাকার যানজট ও জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

সর্বশেষ

জনপ্রিয়