মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ তিন দাবিতে সমাবেশ
দিনাজপুরের ফুলবাড়ী আন্দোলনের ২০ বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধু সড়কে মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং গ্যাস ও বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধানের দাবি জানান।
কমিটির নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, নির্বাচনের তিন দিন আগে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা চুক্তিকে অনেকে ‘আত্মঘাতী গোলামি চুক্তি’ হিসেবে অভিহিত করছেন। তার দাবি, চুক্তির মাধ্যমে খাদ্যসহ বিভিন্ন পণ্য আমদানিতে বাংলাদেশের ওপর নির্দিষ্ট শর্ত আরোপ করা হয়েছে।
তিনি বলেন, চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে ২৬ লাখ টন সয়াবিন ও ৭ লাখ টন গম নেওয়ার বিষয় রয়েছে। এসব পণ্য আগে কম দামে আমদানি করা হলেও চুক্তিতে বেশি মূল্যে কেনার শর্ত রয়েছে বলে তিনি দাবি করেন।
রফিউর রাব্বি আরও বলেন, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম, বিমান ও জ্বালানি তেল কেনার বিষয়ও রয়েছে। অন্য কোনো দেশ থেকে এসব পণ্য নিতে হলে যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হবে বলেও তিনি দাবি করেন। এ ধরনের চুক্তি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
সংগঠনের সদস্য সচিব ধীমান সাহা জুয়েল বলেন, ফুলবাড়ীতে আবারও আগের পদ্ধতিতে কয়লা উত্তোলনের চেষ্টা চলছে বলে তারা জানতে পেরেছেন। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের চেষ্টা করা হলে ফুলবাড়ীর মানুষ আবারও আন্দোলনে নামবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো চুক্তির বিষয়ে সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিল করে সরকারকে ‘দেশপ্রেমের নজির’ স্থাপনের আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সমমনার উপদেষ্টা দুলাল সাহা, বাসদের জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব এবং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি হাফিজুল ইসলাম।
বক্তারা গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া, ফুলবাড়ী চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং দেশের স্বার্থবিরোধী বলে তারা যে চুক্তিগুলো মনে করেন, সেগুলো বাতিলের দাবি জানান।





































