৩০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩১, ২৯ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ের রিসোর্টকাণ্ড নিয়ে যা বললেন মামুনুল হক

সোনারগাঁয়ের রিসোর্টকাণ্ড নিয়ে যা বললেন মামুনুল হক
ফাইল ছবি

২০২১ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট ঘটনাকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে প্রতিপক্ষের লোকজন তাঁর কাছে সহযোগিতা চেয়েছিল বলে দাবি করেছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে সোনারগাঁও অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, আল্লাহ তাআলা যখন কোনো ফয়সালা করেন, তখন তা বাস্তবায়নের পথও তৈরি হয়ে যায়। কোনো পূর্বঘোষণা বা কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াই সেদিন হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিলেন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রতিপক্ষের হিসাব-নিকাশের বাইরে ছিল। এত বড় জনসমাগম প্রতিহত করার মতো কোনো পরিকল্পনা বা প্রস্তুতিও তাদের ছিল না।

মামুনুল হক আরও বলেন, আকস্মিক পরিস্থিতির মুখে পড়ে প্রতিপক্ষের লোকজন দিশেহারা হয়ে পড়েছিলেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তারা তাঁর কাছেই সহযোগিতা চেয়েছিলেন বলে দাবি করেন তিনি।

সেদিনের ঘটনা স্মরণ করে তিনি বলেন, ‘হুজুর, আপনি ছাড়া এই বিক্ষুব্ধ জনতার হাত থেকে আমাদের বাঁচানোর কেউ নেই।’

২০২১ সালের ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে মামুনুল হককে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখানে তাঁর অনুসারীদের ব্যাপক উপস্থিতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

রয়েল রিসোর্টের ওই ঘটনাকে কেন্দ্র করে সাহসী ভূমিকা পালনকারী নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানানো এবং একই ঘটনার সূত্রে কারাগারে মৃত্যুবরণকারী মাওলানা ইকবাল হোসাইনের স্মরণে শনিবারের মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় স্থানীয় বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা-কর্মী ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়