সিদ্ধিরগঞ্জে ১৫ মাদকসেবীর কারাদণ্ড
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ১৫ জন মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন চিত্তরঞ্জন ঘাট ও বিহারী ক্যাম্পের আশপাশের বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মোট ১৫ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে শুক্রবার (২৮ আগস্ট) তাদের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাতের আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন রুবেল (২৮), মো. আলম (৬০), মো. আসলাম (৬৫), জাহাঙ্গীর আলম (৩০), আল আমিন (২৪), মো. মিজানুর রহমান (৫২), মো. পাভেল (২৮), মো. জুয়েল (৩০), হাবুল মৃধা (২৮), মো. মাসুম (৩৫), মো. রাকিব (২২), শাকিল (২০), মো. রুপ মিয়া (৬৫), মো. কবির হোসেন (৩৫) ও মো. পারভেজ (২৪)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদকবিরোধী অভিযান ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।





































