২৯ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৫, ২৮ আগস্ট ২০২৬

আপডেট: ২০:২৫, ২৮ আগস্ট ২০২৬

নবীগঞ্জ মেলায় ভোগান্তি, অপ্রশস্ত সড়ক ও নিরাপত্তা নিয়ে দর্শনার্থীদের ক্ষোভ

নবীগঞ্জ মেলায় ভোগান্তি, অপ্রশস্ত সড়ক ও নিরাপত্তা নিয়ে দর্শনার্থীদের ক্ষোভ

ঐতিহাসিক কদম রসূল দরগাহ শরীফ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী নবীগঞ্জ মেলায় এসে ভোগান্তি ও নিরাপত্তা সংকটের অভিযোগ করেছেন দর্শনার্থীরা। লাখো মানুষের সমাগমে মেলা প্রাঙ্গণে অপ্রশস্ত যাতায়াত ব্যবস্থা, অতিরিক্ত যাত্রী নিয়ে নৌ চলাচল এবং চুরি-পকেটমারির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

মেলা ঘুরে ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নবীগঞ্জ জেটি সংলগ্ন সড়কটি সরু হওয়ায় মেলায় আসা মানুষের চলাচলে ব্যাপক ভোগান্তি হচ্ছে। অনেক ক্ষেত্রে পাশাপাশি কয়েকজন মানুষের চলাচলও কঠিন হয়ে পড়ে। এতে ওই এলাকায় ভিড় ও যানজটের সৃষ্টি হচ্ছে।

এদিকে নদী পারাপারের সময় নৌকায় ধারণক্ষমতার তুলনায় বেশি যাত্রী বহনের অভিযোগও করেছেন দর্শনার্থীরা। তাদের দাবি, কোনো কোনো নৌকায় একসঙ্গে প্রায় ৪০ জন পর্যন্ত যাত্রী ওঠানো হচ্ছে। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে বলে তারা মনে করছেন। ফেরিঘাট এলাকাতেও অতিরিক্ত ভিড়ের কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মেলায় আসা অনেকে। দর্শনার্থীদের অভিযোগ, মেলার ভিড়কে কাজে লাগিয়ে চোর ও পকেটমার চক্র সক্রিয় রয়েছে। তল্লা এলাকার বাসিন্দা জব্বার জানান, মেলার ভিড়ের মধ্যে তার পকেট থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন চুরি হয়েছে। তার মতো আরও অনেক দর্শনার্থী মোবাইল ফোন ও মানিব্যাগ হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া মেলা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন দর্শনার্থী। তাদের অভিযোগ, পর্যাপ্ত নজরদারি না থাকায় কিছু অবৈধ কার্যক্রমের সুযোগ তৈরি হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।

দর্শনার্থীরা বলেন, ঐতিহ্যবাহী এই মেলায় প্রতিবছর বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। তাই মেলা চলাকালে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, জেটি ও ঘাট এলাকায় শৃঙ্খলা নিশ্চিত এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়ন জরুরি।

তারা মেলা প্রাঙ্গণে পুলিশি নজরদারি বাড়ানো, চোর-পকেটমার চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নৌযানে অতিরিক্ত যাত্রী বহন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়