হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ফতুল্লা বিএনপির লিমন
হত্যা চেষ্টা মামলায় ঢাকার লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সদস্য মাহফুজুর রহমান লিমন (৩৯)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে নয়টায় তাকে গ্রেপ্তার করে র্যাব-১০।
র্যাব-১০ এক বিজ্ঞপ্তিতে জানায়, গেন্ডারিয়া থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মাহফুজুর রহমান লিমন ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকার আব্দুল করিম তোতা মিয়ার ছেলে।
র্যাব জানায়, নারায়ণগঞ্জে গার্মেন্টস ব্যবসা পরিচালনার সময় আসামি মাহফুজুর রহমান লিমন ও মেহেদী হাসান রুবেলের সঙ্গে ব্যবসায়িকভাবে সম্পৃক্ত ছিল। এ সময় আসামিরা ভিকটিমের মেয়েকে বিয়ের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতে থাকে। এতে ভিকটিম ও তার মেয়ে সম্মতি না থাকায় আসামিরা তাদের হয়রানি ও হুমকি প্রদান করে। পরবর্তীতে গত ১৭ জুন লোহারপুল মোড়ে ভিকটিমকে চাকু দেখিয়ে মারধর করে জোরপূর্বক নিয়ে যায় এবং গুরুতরভাবে আহত করে। একপর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে কয়েকটি কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত ৩ জুলাই গেন্ডারিয়া থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন মেহেদী হাসান রুবেল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার আসামি লিমনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র্যাব।





































