ফুলবাড়ী দিবসে বাসদের পুষ্পস্তবক অর্পণ
ফুলবাড়ী দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী আন্দোলনের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া স্মৃতিস্তম্ভে ফুলবাড়ী আন্দোলনের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, বাসদ নেতা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহসাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে প্রস্তাবিত উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি প্রকল্প বাতিল, এশিয়া এনার্জিকে প্রত্যাহার, জাতীয় সম্পদ ও পরিবেশ রক্ষা এবং মানুষের জীবন-জীবিকার নিরাপত্তার দাবিতে গণআন্দোলন হয়। ওই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তিনজন আন্দোলনকারী নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হন। সেই ঘটনার স্মরণে প্রতিবছর ২৬ আগস্ট ‘ফুলবাড়ী দিবস’ বা ‘ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস’ পালন করা হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, ফুলবাড়ী দিবসের চেতনা হলো দেশের প্রাকৃতিক ও জাতীয় সম্পদ কোনোভাবেই সাম্রাজ্যবাদী শক্তির হাতে তুলে দেওয়া যাবে না এবং দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কিন্তু আবারও দিনাজপুরের ফুলবাড়ীর কয়লাখনি নিয়ে এশিয়া এনার্জির সঙ্গে চুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
তারা বলেন, জাতীয় সম্পদ ও পরিবেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। সরকারকে এ ধরনের গণবিরোধী উদ্যোগ থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।





































