দেশে শান্তি আনতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা দরকার: মাওলানা দ্বীন ইসলাম
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের মানুষ স্বাধীনতার কাঙ্ক্ষিত স্বাদ পায়নি। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে ‘সবুজ বাংলা’ ও ‘সোনার বাংলা’র কথা বলা হলেও কোনো ব্যবস্থাই মানুষকে প্রত্যাশিত শান্তি দিতে পারেনি। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা প্রয়োজন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরীর ৬ নম্বর ওয়ার্ড শাখার পরিচিতি ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মুহা. ইব্রাহিম খলিলুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মুহা. ইসমাইল ও সহ-প্রচার সম্পাদক বিলাল খানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মাওলানা দ্বীন ইসলাম বলেন, তারা শরিয়াহ কায়েম করতে চান। যারা শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান না, তারা ইসলামের মধ্যে নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘শরিয়াহ মানে নামাজ, রোজা, হজ, জাকাত, ন্যায়বিচার ও ইনসাফ।’ শরিয়াহ প্রতিষ্ঠিত হলে সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেন তিনি।





































