ফতুল্লায় তিন কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রায় তিন কোটি টাকা মূল্যের ২০ শতাংশ সরকারি সম্পত্তি উদ্ধার করেছে সদর উপজেলা প্রশাসন। সরকারি সম্পত্তিতে বালু ভরাট করে দখলের চেষ্টার অভিযোগে ফারুক নামে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফতুল্লার সস্তাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন।
জরিমানা করা ফারুক সস্তাপুর এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন জানান, সস্তাপুর এলাকায় প্রতি শতাংশ জমির বর্তমান মূল্য প্রায় ৩০ লাখ টাকা। অভিযানে প্রায় ২০ শতাংশ সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জমির চারপাশে লাল নিশান টাঙিয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ পুনরায় দখলের চেষ্টা করতে না পারে।
তিনি আরও জানান, সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।





































