২৮ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২২, ২৭ আগস্ট ২০২৬

আপডেট: ২০:২২, ২৭ আগস্ট ২০২৬

বন্দরে মালিকদের আইন মেনে ইটভাটা পরিচালনার নির্দেশ

বন্দরে মালিকদের আইন মেনে ইটভাটা পরিচালনার নির্দেশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ইটভাটা মালিকদের আইন মেনে ভাটা পরিচালনার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে নিষিদ্ধ এলাকায় অবস্থিত ইটভাটার কার্যক্রম বন্ধ রাখা এবং ভাটায় কাঠ বা কাঠজাতীয় জ্বালানি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে ইটভাটা মালিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ। বক্তব্য দেন সহকারী পরিচালক মো. মোবারক হোসেন।

সভায় ইটভাটা মালিকদের মধ্যে মো. শরীফ হোসেন, মো. রিপন মিয়া, সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন ও মো. কবির হোসেন বক্তব্য দেন।

সভায় জানানো হয়, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯’ অনুযায়ী ইটভাটা পরিচালনা করতে হবে। আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত ইটভাটার কার্যক্রম বন্ধ রাখতে হবে।

এ ছাড়া কোনো ইটভাটায় কাঠ বা কাঠজাতীয় পদার্থ জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে না। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকা ইটভাটাগুলোর ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার অন্তত এক মাস আগে নবায়নের আবেদন করার জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়।

সভায় আরও জানানো হয়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের ইট পোড়ানোর লাইসেন্স এবং মাটি সংগ্রহের অনুমোদন গ্রহণের পর ইটভাটা পরিচালনা করতে হবে। পাশাপাশি ইটভাটায় মাটির ব্যবহারসহ অন্যান্য কার্যক্রম প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

সভায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করতে মালিকদের সতর্ক করা হয়। পরিবেশ আইন ও বিধিমালা মেনে ইটভাটা পরিচালনার বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়