লংমার্চ উপলক্ষে ডিসি-এসপিকে ১১ দলীয় জোটের স্মারকলিপি
ছয় দফা দাবি আদায় এবং গণভোটের রায় সংসদে বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য জোটের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান ও জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে পৃথকভাবে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, আগামী ৫ সেপ্টেম্বর ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের আয়োজন করা হয়েছে। কর্মসূচির বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবহিত করতেই স্মারকলিপি দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে লংমার্চ পরিচালনার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে ঢাকা থেকে সিলেট, রংপুর ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মাওলানা আবদুল জব্বার জানান, লংমার্চের অংশ হিসেবে চট্টগ্রাম রোডের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ পথসভায় অংশ নেবেন। সেখানে গণভোটের রায় সংসদে বাস্তবায়নের দাবি জানানো হবে।
১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চে ছয়টি দাবি তুলে ধরা হবে। দাবিগুলো হলো—গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
লংমার্চ উপলক্ষে নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় সকাল ৭টায় পথসভা ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে নেতারা সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মইনুদ্দিন আহমাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগর আহ্বায়ক শওকত আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সেক্রেটারি আল-আমিন, লেবার পার্টির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহ্বায়ক আবদুর রহমান, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক গিয়াসউদ্দিন, মহানগরী জামায়াতের সেক্রেটারি প্রকৌশলী মানোয়ার হোসাইন, জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন এবং মহানগরী মিডিয়া বিভাগের দায়িত্বশীল হাফেজ আব্দুল মোমিনসহ ১১ দলীয় ঐক্যের জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





































