২৮ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৮, ২৭ আগস্ট ২০২৬

আপডেট: ২০:৪৯, ২৭ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে হামলার বিচার ও মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীদের মানববন্ধন

সোনারগাঁয়ে হামলার বিচার ও মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীদের মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হামলার বিচার, নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন জৈনপুর গ্রামের বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামবাসীর উদ্যোগে সোনারগাঁ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ও এসআই হারুনকে অপসারণের দাবি জানান এলাকাবাসী।

গ্রামবাসীরা জানান, ‘আর অ্যান্ড এইচ-জৈনপুর রোড ভায়া পিরোজপুর ইউপি অফিস’ সড়কটি এলজিইডির আওতায় হালকা যানবাহন চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। এ বিষয়ে গত মে মাসে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

তাদের অভিযোগ, গত ২০ আগস্ট সড়ক রক্ষায় ভারী যানবাহন চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে কোম্পানির লোকজন গ্রামবাসীদের ওপর হামলা চালায়। এতে নারীসহ সাতজন আহত হন। পরে কোম্পানির পক্ষ থেকে দায়ের করা মামলায় হামলায় আহত ব্যক্তিদের পাশাপাশি সাংবাদিক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও দিনমজুরদেরও আসামি করা হয়েছে বলে দাবি করেন তারা।

এলাকাবাসী আরও অভিযোগ করেন, তাদের পক্ষ থেকে দেওয়া অভিযোগের ভিত্তিতে এখনো কোনো মামলা নেওয়া হয়নি। উল্টো তদন্তের নামে তাদের হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ও এসআই হারুনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

মানববন্ধন থেকে হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার, গ্রামবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তার অপসারণ এবং জৈনপুর সড়ক রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়