২৮ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৭, ২৭ আগস্ট ২০২৬

কলাগাছিয়া ইউনিয়নে জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্সের সভা

কলাগাছিয়া ইউনিয়নে জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্সের সভা

‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার। সভায় সভাপতিত্ব করেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামান মিয়া।

সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য নির্ভুলভাবে সংরক্ষণ ও নিবন্ধনের ওপর গুরুত্বারোপ করা হয়। নিবন্ধনের সময় সংশ্লিষ্ট তথ্য যথাযথভাবে যাচাই করে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ভুল বা অসঙ্গতি এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন শুধু সনদ গ্রহণের বিষয় নয়; এটি একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক তথ্যের সরকারি রেকর্ড। সঠিক তথ্য সংরক্ষণ করা হলে ভবিষ্যতে নাগরিকদের বিভিন্ন সরকারি সেবা গ্রহণ সহজ হবে এবং দেশের তথ্যভান্ডার আরও নির্ভরযোগ্য হবে।

সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে অভিভাবকদের সন্তানের জন্মসংক্রান্ত তথ্য সঠিকভাবে প্রদান এবং নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় জানানো হয়, জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন বিনামূল্যে করা যায়। তাই নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

সভায় ইউনিয়ন পরিষদের সদস্য, স্বাস্থ্যকর্মী, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়