জুলাই শহীদ শাকিলকে স্মরণে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা নিবেদন
জুলাই অভ্যুত্থানের শহীদ ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ শাকিলের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠনের জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা সহ-সভাপতি ইউশা ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় শহীদ শাকিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তাকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, দপ্তর সম্পাদক শেখ সাদী, স্কুলবিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব তায়েব হাসান তাজবীর, সংগঠক মো. সোহাগসহ জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন (জিএসএ) নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম এবং মহানগর সমন্বয়কারী বিপ্লব খান।
সভাপতির বক্তব্যে ইউশা ইসলাম বলেন, “শহীদ শাকিলের শাহাদাত বার্ষিকী বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জন্য যেমন বেদনাদায়ক, তেমনি গৌরবের। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর-১০ এলাকায় আন্দোলন চলাকালে আওয়ামী লীগের গুলিতে শহীদ হন। আমরা তার স্বপ্নের সারথি। তিনি যে গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে আমরা সংগ্রাম চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, “শহীদ শাকিল দেশের সম্পদ, ছাত্র ফেডারেশনের সম্পদ। ছাত্র ফেডারেশন এবং গণতান্ত্রিক আন্দোলন যতদিন থাকবে, ততদিন শহীদ শাকিল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।”





































