০৭ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৫, ৬ আগস্ট ২০২৬

তোলারাম কলেজে সংঘর্ষে আহতদের দেখতে গেল ছাত্র ফেডারেশন

তোলারাম কলেজে সংঘর্ষে আহতদের দেখতে গেল ছাত্র ফেডারেশন

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। একই সঙ্গে আহতদের হাসপাতালে গিয়ে খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ৫ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৬ আগস্ট) বিকেলে তারা হাসপাতালে আহত ছাত্রদের দেখতে যান।

এর আগে, মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহা ও সাধারণ সম্পাদক সৌরভ সেন এক যৌথ বিবৃতিতে বলেন, তোলারাম কলেজের মতো একটি ঐতিহাসিক শিক্ষাঙ্গনে সহিংসতা ও রক্তপাতের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান কোনোভাবেই রাজনৈতিক আধিপত্য বিস্তারের জায়গা হতে পারে না; বরং এটি হবে মুক্তচিন্তা, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র।”

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই অভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যকে সামনে রেখে প্রতিটি ক্যাম্পাসে দলমত নির্বিশেষে অংশগ্রহণের ভিত্তিতে ‘পরিবেশ পর্ষদ’ গঠনের দাবি জানানো হয়।

উদ্ভূত পরিস্থিতিতে সংগঠনটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসে ‘পরিবেশ পর্ষদ’ গঠন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু, সহিংসতা ও আধিপত্য বিস্তারের রাজনীতি বন্ধে পদক্ষেপ গ্রহণ এবং সব ছাত্র সংগঠনের মধ্যে সহাবস্থান ও সংযম নিশ্চিত করা।

এদিকে, ছাত্র ফেডারেশনের নেতারা হাসপাতালে গিয়ে সংঘর্ষে আহত নেতাকর্মীদের খোঁজ-খবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, তোলারাম কলেজ শাখার সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা, দপ্তর সম্পাদক সিয়াম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়