গ্যাস বিস্ফোরণে উদ্বেগ, প্রি-পেইড মিটারে ক্ষোভ আবদুল জব্বারের
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। একই সঙ্গে তিনি গ্যাস লিকেজের কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) এক বিবৃতিতে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলা ও তদারকির ঘাটতির কারণেই বারবার এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। তাই দগ্ধদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
মাওলানা আবদুল জব্বার বলেন, তিতাস গ্যাসের ঝুঁকিপূর্ণ নেটওয়ার্ক ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে। একদিকে গ্যাস লিকেজের ঘটনায় প্রাণহানি ও দগ্ধ হওয়ার ঘটনা ঘটছে, অন্যদিকে বিদ্যুৎ খাতে চলছে নানা অনিয়ম।
তিনি সারাদেশে কথিত "ভূতুড়ে" বিদ্যুৎ বিল এবং প্রি-পেইড মিটারের নামে গ্রাহকদের ওপর অতিরিক্ত ভ্যাট, মিটার ভাড়া ও বিভিন্ন ফি আরোপের অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, প্রি-পেইড মিটার চালুর মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি। বরং অতিরিক্ত চার্জের কারণে সাধারণ গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
মাওলানা আবদুল জব্বার অবিলম্বে বিদ্যুৎ বিলে অতিরিক্ত চার্জ এবং প্রি-পেইড মিটারের অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সাধারণ মানুষের স্বার্থে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন।
উল্লেখ্য, শুক্রবার সকালে বন্দর উপজেলার চাপাতলি এলাকায় একটি আবাসিক ভবনে জমে থাকা গ্যাসে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।





































