০৬ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০১, ৫ আগস্ট ২০২৬

আপডেট: ২১:০২, ৫ আগস্ট ২০২৬

জুলাই শহীদদের প্রতি বাসদের শ্রদ্ধা, ‘জুলাইয়ের চেতনা দেশ বিক্রির চুক্তি নয়’

জুলাই শহীদদের প্রতি বাসদের শ্রদ্ধা, ‘জুলাইয়ের চেতনা দেশ বিক্রির চুক্তি নয়’

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় নগরীর চাষাঢ়া জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলা আহ্বায়ক প্রদীপ সরকারসহ বাসদ ও এর বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই চেতনার পরিপন্থী যেকোনো পদক্ষেপ জনগণ মেনে নেবে না।

তারা বলেন, “জুলাইয়ের চেতনা দেশ বিক্রির চুক্তি নয়।” মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি ও নীতি পুনর্বিবেচনা করে জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা এবং দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে হবে।

বক্তারা জুলাই অভ্যুত্থানের সকল শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ও চেতনা বাস্তবায়নে গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়