০৮ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৫, ৭ আগস্ট ২০২৬

বন্দরে গৃহবধূকে কুপ্রস্তাব, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বন্দরে গৃহবধূকে কুপ্রস্তাব, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী পূর্বপাড়া এলাকায় এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দেওয়া, শ্লীলতাহানির চেষ্টা, হামলা, জমি দখলের হুমকি ও প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় রাসেল নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

ভুক্তভোগী অভিযোগ করেন, একই এলাকার বাসিন্দা রাসেল গত প্রায় তিন বছর ধরে তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছেন। তিনি এতে রাজি না হওয়ায় এলাকায় বসবাস করতে না দেওয়া, বাড়ির সামনে থাকা খাস জমি দখল করে নেওয়া এবং বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের হুমকি দিয়ে আসছেন।

অভিযোগ অনুযায়ী, গত ২৯ জুলাই সন্ধ্যা প্রায় ৬টা ৪০ মিনিটে রাসেল তার কয়েকজন সহযোগীকে নিয়ে ভুক্তভোগীর বাড়িতে এসে হামলা চালান এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এ ঘটনায় তিনি বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যা বর্তমানে মামলার প্রক্রিয়ায় রয়েছে বলে জানান।

ভুক্তভোগীর দাবি, অভিযোগ দায়েরের পর অভিযুক্ত আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট বিকেল ৪টার দিকে রাসেল কয়েকজন সহযোগীকে নিয়ে আবারও তার বাড়িতে গিয়ে অভিযোগ তুলে নিতে বলেন। এতে অস্বীকৃতি জানালে তাকে হত্যা করে লাশ গুম, ভিটেমাটি থেকে উচ্ছেদ এবং তার সন্তানদের ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর ভাষ্য, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় কিছু প্রভাবশালীর মদদে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। নিরাপত্তার স্বার্থে আপাতত তাদের নাম প্রকাশ করছেন না। প্রশাসনের নিরাপত্তা পেলে পরে তাদের পরিচয় প্রকাশ করবেন বলেও জানান তিনি।

এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।

সর্বশেষ

জনপ্রিয়