সবসময় জনস্বার্থে কাজ করেছি, বিতর্কে মাথাব্যাথা নেই: বিভা হাসান
নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর বাবুরাইল এলাকায় মাদক ও ছিনতাই প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বাবুরাইল মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান ও হাজী ওবায়েদ উল্লাহ।
এ সময় বিভা হাসান বলেন, “নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড় মাদকের স্পট ছিল জিমখানা। আগে জিমখানা বললে মানুষ ছিঃ ছিঃ করসে। ভাবতো, বস্তি এখানে অশিক্ষিত, মাদকাসক্ত, ব্যবসায়ীরা থাকে। এখন তারা অনেক সংশোধন হয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায়, কখন কে আসছে, বের হচ্ছে সব দেখছে, ব্যবস্থা নিচ্ছে। আমাকে ১৭ নম্বর ওয়ার্ডে এক সভায় অতিথি করে নিয়ে গিয়েছিল। ওইখানের যুবকরা খুবই সাহসী ভূমিকা পালন করছে। সেদিন একজন মাদক ব্যবসায়ীকে ধরে আমাকে ফোন দেয়। পরে আমি তাকে পুলিশে দেই।”
তিনি আরও বলেন, “সকলের সহযোগিতায় অনেক সংগ্রাম করে বাবুরাইল মাঠ ধরে রেখেছি। আমি মামুন ভাইয়ের মতো অর্থ সহযোগিতা দিতে পারি না, কিন্তু সকলের সাথে আমি ঘাস কাটছি। সেদিনও সকলের সাথে এসে মাঠের গাছ কেটে পরিষ্কার করেছি। মাঠের পিছনে একটি টিলা ছিল, যেখানে বেশকিছু স্পট তৈরি হয়েছিল। পরে যুবকদের সাথে গিয়ে স্পষ্টগুলো ভেঙে দেই। কাজ করতে গেলে বিতর্কিত হবোই। এসব নিয়ে আমার কোনো মাথাব্যথাও নাই। আপনাদের পাশে ছিলাম, থাকবো।”
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে বিভা বলেন, “জনস্বার্থে আমি সাবেক মেয়রের সাথে কাজ করেছি। কিন্তু গতকাল থেকে ফেসবুক, নিউজে ভাইরাল, আমি আওয়ামী লীগের দোসর। আমি কি আওয়ামী লীগ করেছি বা তাদের মিছিল, মিটিংয়ে গিয়েছি? জনস্বার্থে, উন্নয়নের জন্য সাবেক মেয়রের সঙ্গে কাজ করেছি। এখনো সিটি করপোরেশনে যাই আপনাদের, জনগণের স্বার্থে।”





































