০৮ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১১, ৭ আগস্ট ২০২৬

আপডেট: ২২:২২, ৭ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে সাধারণ জ্ঞান কুইজ, ২১ শিক্ষার্থীকে পুরস্কার

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে সাধারণ জ্ঞান কুইজ, ২১ শিক্ষার্থীকে পুরস্কার

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে সামাজিক সংগঠন অগ্নিশিখার উদ্যোগে নারায়ণগঞ্জে সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৪০০ শিক্ষার্থী এতে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে হাজীগঞ্জে ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আইইটি) সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চারটি প্রতিষ্ঠানের ২১ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে দেশের সাধারণ মানুষ, শিক্ষার্থী, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নিয়েছিল। সেই ঐক্যবদ্ধ আন্দোলনের মুখেই ফ্যাসিস্টরা ভীতসন্ত্রস্ত হয়ে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দিয়েছে, কোনো ব্যক্তি বা ক্ষমতার অপব্যবহার যেন সীমা অতিক্রম না করে। দম্ভ, দুর্নীতি, নির্যাতন ও স্বৈরশাসনের কারণেই শেখ হাসিনার এমন পরিণতি হয়েছে। সেই সময়ে বিচারব্যবস্থা ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের মাধ্যমে সাধারণ মানুষকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছিল।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অগ্নিশিখার উপদেষ্টা তারিকুল ইসলাম সুজন বলেন, “শিক্ষার্থীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছে। তাদের উৎসাহিত করতেই অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য সনদপত্রের ব্যবস্থা করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়াও একটি অর্জন।”

তিনি বলেন, “শুধু প্রতিযোগিতা নয়, সহযোগিতা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চাই আমাদের লক্ষ্য। তাই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন না করে ‘ক’ ও ‘খ’ শাখায় ‘সেরা ১০’ শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইটি সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান গাজী, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, অগ্নিশিখার সভাপতি আসিফ রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়