জুলাই শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার এমপি দিপুর
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের ঋণ কখনো শোধ হওয়ার নয়। যাদের রক্তের বিনিময়ে দেশ নতুনভাবে ফিরে পাওয়া গেছে, তাদের পরিবারের পাশে সবসময় থাকার চেষ্টা করা হবে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রূপগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
দিপু ভূঁইয়া বলেন, "আমরা সবসময় শহীদদের পরিবারের পাশে থাকবো, তাদের খোঁজখবর রাখবো। যাদের রক্তের বিনিময়ে এই দেশ ফেরত পেয়েছি, তাদের পরিবারের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে।"
তিনি বলেন, "আমাদের ছোট ছোট সন্তান এবং দলের নেতাকর্মীরা শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের কারণেই স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।"
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, "এই আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন দেশনায়ক তারেক রহমান। তিনি নির্দেশ দিয়েছিলেন, শেখ হাসিনা দেশ না ছাড়া পর্যন্ত রাজপথ না ছাড়তে। আমরা সেই আন্দোলন অব্যাহত রেখেছিলাম এবং শেষ পর্যন্ত স্বৈরাচারকে দেশ ছাড়তে বাধ্য করেছি।"
তিনি আরও বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। আজ তার অবদানের কথাও গভীরভাবে স্মরণ করছি। রূপগঞ্জে বিএনপিকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
সমাবেশ শেষে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে একটি গণমিছিল বের করা হয়। এতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি আলহাজ মজিবুর রহমান ভূঁইয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





































