চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ২৫
নারায়ণগঞ্জে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। বর্ষার শুরু থেকেই জেলায় আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী থাকলেও আগস্টের শুরুতে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ জন। তবে স্বস্তির বিষয়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।
রোববার (২ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আগস্ট মাসের প্রথম দুই দিনে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৯ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৫৬৭ জন। সর্বশেষ ২৫ জনসহ এ বছর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯২ জনে। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫০০ জন।
গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৩৯৮ জন। ওই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছিলেন ২ হাজার ৩৮৫ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) বিভিন্ন এলাকায় সচেতনতামূলক পোস্টার ও ব্যানার টানানো, মাইকিং এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদারের নির্দেশনা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন পরিষ্কার পানিতে মশার লার্ভা জন্মাতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।





































