০৩ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৫, ২ আগস্ট ২০২৬

আপডেট: ২১:১৫, ২ আগস্ট ২০২৬

বন্দরে চুরির অপবাদে গৃহপরিচারিকার পরিবারের ৫ জনকে নির্যাতনের অভিযোগ

বন্দরে চুরির অপবাদে গৃহপরিচারিকার পরিবারের ৫ জনকে নির্যাতনের অভিযোগ
ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণের চেইন চুরির অপবাদ দিয়ে এক গৃহপরিচারিকাকে বাসায় ডেকে এনে তার চার মেয়েসহ একই পরিবারের পাঁচ সদস্যকে মারধর ও আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

নির্যাতনের শিকাররা হলেন গৃহপরিচারিকা সুফি বেগম (৪৫) এবং তার চার মেয়ে সুলতানা (২৫), সুমা (২৪), রুমানা (২৪) ও ঝর্না (১২)।

ঘটনাটি গত শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকায় ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সুফি বেগম বন্দর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

অভিযোগে বলা হয়, সুফি বেগম দীর্ঘদিন ধরে এনায়েতনগর এলাকার মৃত আলী আজগর মিয়ার ছেলে শফিকুলের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। গত ৩০ জুলাই ওই বাসা থেকে একটি স্বর্ণের চেইন হারিয়ে গেলে শফিকুল ও তার ভাই মনির, আলমগীর এবং জাহাঙ্গীর এ ঘটনার জন্য সুফি বেগমকে সন্দেহ করেন।

এরপর তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এমনকি ‘চালপড়া’ ও ‘আয়নাপড়া’র মাধ্যমে চুরির অভিযোগ স্বীকার করানোরও চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, গত শনিবার সন্ধ্যায় শফিকুল ফোন করে তাকে বাসায় ডেকে নেন। তিনি চার মেয়েকে সঙ্গে নিয়ে সেখানে গেলে শফিকুল ও তার তিন ভাই তাদের একটি কক্ষে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে বেধড়ক মারধর করেন। এ সময় ছোট মেয়ে ঝর্নার বাম হাতের আঙুল ইলেকট্রনিক প্লাস দিয়ে চেপে রক্তাক্ত করা হয়। পরে জোরপূর্বক চুরির স্বীকারোক্তি আদায় করে তার ভিডিও ধারণ করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

জনপ্রিয়