সংসদ ভবনে মার্কিন অনুষ্ঠান নিয়ে ক্ষোভ, বাসদের প্রতিবাদী মিছিল
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানা শাখার সদস্য সচিব এস এম কাদির, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলা আহ্বায়ক প্রদীপ সরকার।
বক্তারা বলেন, গত ৪ জুলাই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। তাদের দাবি, জাতীয় সংসদ ভবন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হওয়ায় সেখানে এ ধরনের অনুষ্ঠান আয়োজন অনাকাঙ্ক্ষিত।
সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা দেশের জনগণ ভোলেনি। তারা বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন মার্কিন প্রশাসন পাকিস্তানকে সমর্থন দিয়েছিল এবং এ কারণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে।
এছাড়া বক্তারা আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেন এবং সরকারের পররাষ্ট্রনীতিরও সমালোচনা করেন। তারা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে দেশের জনগণকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।





































