বিদ্যুৎ-পানি সংকট নিরসনের দাবিতে সাইনবোর্ড মিতালী মার্কেটে মানববন্ধন
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন সমস্যার সমাধান, উন্নত কর্মপরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও দর্জি শ্রমিকরা।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মিতালী মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন দর্জি শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসাইন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মিতালী মার্কেটের ব্যবসায়ীরা বিদ্যুৎ সংকটসহ নানা সমস্যায় ভুগছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধানসহ ব্যবসায়ীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিতালী মার্কেটের ব্যবসায়ী মো. রিদয়ানুল আজিম। তিনি বলেন, টানা ১১ দিন ধরে বিদ্যুৎ সংযোগ না থাকায় ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এছাড়া পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং বহিরাগতদের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণের দাবি জানান তিনি। এসব দাবিতে জেলা প্রশাসকের কাছে গণস্বাক্ষরসহ স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান।
বক্তারা অভিযোগ করেন, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলেও গত ১১ দিন ধরে তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন না। এতে ব্যবসা পরিচালনা ও কর্মসংস্থান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে মার্কেটের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার বেহাল অবস্থার কারণে ব্যবসায়ী ও শ্রমিকরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মিজানুর রহমান।
এ সময় বক্তব্য দেন নাজিম উদ্দিন, মকবুল বারী হেলাল, আব্দুর রহিম, ইকবাল হোসেন, আজিজউদ্দিন বাবুল, মোছা. তামান্না সুলতানা, আব্দুল মান্নান, নুর মোহাম্মদসহ মিতালী মার্কেটের বিভিন্ন ভবনের ব্যবসায়ী ও দর্জি শ্রমিক নেতারা।





































