শুক্রবার শিশু সংগঠক রেখা গুণের স্মরণানুষ্ঠান
একতা খেলাঘর আসরের সভাপতি ও শিশু সংগঠক প্রয়াত রেখা গুণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে একতা খেলাঘর আসর। স্মৃতিচারণ, গান, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে শিশু-কিশোর আন্দোলনের এই নিবেদিতপ্রাণ সংগঠককে স্মরণ করা হবে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের পাঠাগারের ৫ম তলার পরীক্ষণ থিয়েটার (এক্সপেরিমেন্টাল) হলে এ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার একতা খেলাঘর আসরের সভাপতি সুমিত রায় ও সাধারণ সম্পাদক সুব্রত রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু-কিশোরদের সৃজনশীল, মানবিক ও সাংস্কৃতিক বিকাশে রেখা গুণের অবদান স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘদিন তিনি একতা খেলাঘর আসরের নেতৃত্ব দিয়ে অসংখ্য শিশু-কিশোরকে সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করেছেন। তাঁর কর্মময় জীবন ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আয়োজকরা জানান, স্মরণানুষ্ঠানে রেখা গুণের বর্ণাঢ্য কর্মজীবন, শিশু সংগঠক হিসেবে তাঁর অবদান এবং ব্যক্তিজীবনের নানা স্মৃতি তুলে ধরবেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। পাশাপাশি গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, নাগরিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষের প্রতি অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রয়াত এই গুণী সংগঠকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছে একতা খেলাঘর আসর।
উল্লেখ্য, ২০০০ সালে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন রেখা গুণ। এরপর এক দশকেরও বেশি সময় তিনি অসীম সাহস ও দৃঢ়তার সঙ্গে রোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। চলতি বছরের এপ্রিল মাসে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ার পর তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। দীর্ঘ রোগভোগের পর গত ৩০ মে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন ও শিশু সংগঠনগুলোতে গভীর শোকের ছায়া নেমে আসে।





































