০৬ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৩০, ৫ জুলাই ২০২৬

পুনর্বাসনের আগে রোজ বিকেলে ফুটপাতে বসতে চেয়ে হকারদের মিছিল

পুনর্বাসনের আগে রোজ বিকেলে ফুটপাতে বসতে চেয়ে হকারদের মিছিল

পুনর্বাসনের আগে নারায়ণগঞ্জ নগরীর বঙ্গবন্ধু সড়কে বিকেল ৫টা থেকে হকারি করার অনুমতি দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মহানগর হকার্স ইউনিয়নের নেতাকর্মীরা।

রোববার (৫ জুলাই) বিকেলে নগরীর বঙ্গবন্ধু সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তারা কোনো অশান্তি চান না; জীবিকা নির্বাহের অধিকার নিশ্চিত করতেই আন্দোলন করছেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে হকারদের ব্যবসা করতে না দেওয়ায় তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। আয় বন্ধ থাকায় অনেকেই বাড়িভাড়া পরিশোধ করতে পারছেন না। সন্তানদের স্কুলের বেতনও বকেয়া পড়ে আছে। ফলে তাদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে।

হকার নেতারা বলেন, পুনর্বাসনের আগে তাদের বিকেল ৫টার পর নিজ নিজ স্থানে ব্যবসা করার সুযোগ দিতে হবে। এ দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোর যৌথ উদ্যোগে গত ১৩ এপ্রিল নগরীর বঙ্গবন্ধু সড়কসহ শহরের প্রধান সড়কগুলোর ফুটপাত ও সড়ক থেকে অবৈধ হকার ও দখলদারদের উচ্ছেদ করা হয়। এরপর থেকেই বিভিন্ন সময়ে পুনর্বাসন এবং পুনর্বাসনের আগে বঙ্গবন্ধু সড়কে বসার দাবিতে বিক্ষোভ মিছিল করে আসছেন হকার নেতারা।

এদিকে অনুমতি না থাকলেও প্রতিদিন বঙ্গবন্ধু সড়কের দুই পাশে বসছেন হকাররা। অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতিদিন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে ফুটপাতে বসা হকারদের বিভিন্ন মালামাল জব্দ করা হচ্ছে।

মহানগর হকার্স ইউনিয়নের ব্যানারে এ মিছিলে হকারদের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী হকার্স ইউনিয়ন দলের সভাপতি কেএম মিজানুর রহমান রনি ও জেলা হকার ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুস সালাম। এতে আরও উপস্থিত জেলা হকার ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. শুক্কুর, হকার্স ইউনিয়ন দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মো. সুমন, দপ্তর সম্পাদক রনি আহমেদ অপু প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়