সমস্যা অনেক, সমাধান কবে? নাগরিক প্রশ্নে নারায়ণগঞ্জ
শিল্পনগরী নারায়ণগঞ্জের নাগরিকরা নানা সমস্যায় জর্জরিত। যানজট, ফুটপাত দখল করে গড়ে ওঠা হকার সমস্যা, অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল, বায়ুদূষণ, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা ও নদী দূষণ শহরের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলছে। দীর্ঘদিন ধরে এসব সমস্যা নিয়ে আলোচনা হলেও কার্যকর সমাধান এখনও দেখা যায়নি।
শহরের প্রধান সড়কগুলোতে প্রতিদিনই তীব্র যানজট তৈরি হয়। অবৈধ পার্কিং, ফুটপাত দখল, অপরিকল্পিত যানবাহন স্ট্যান্ড ও অনিয়ন্ত্রিত যান চলাচল পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এতে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ প্রতিদিনই ভোগান্তির মধ্যে পড়ছেন।
ফুটপাত দখল করে গড়ে ওঠা হকার সমস্যা এবং অটোরিকশার দৌরাত্ম্যও নগরের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। নগরবাসী মনে করছেন, হকার ও অটোরিকশা সমস্যার সমাধান শুধুমাত্র উচ্ছেদ নয়, বরং পরিকল্পিত ও শৃঙ্খলাভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে হতে হবে।
সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদর-বন্দর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম জানিয়েছেন, ঈদের পর এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তবে নাগরিকরা শুধু আশ্বাসে নয়, বাস্তব পদক্ষেপ দেখতে চাইছেন।
শহরে চলমান ড্রেনেজ উন্নয়নকাজ ও রাস্তার খোঁড়াখুঁড়ির কারণে বায়ুদূষণ বেড়েছে। খননকৃত মাটি ও নির্মাণসামগ্রী দীর্ঘ সময় ধরে রাস্তার পাশে রাখা থাকায় ধুলাবালু উড়ে স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। ড্রেনেজ দুর্বলতার কারণে সামান্য বৃষ্টিতেও জলাবদ্ধতা দেখা যায়। নাগরিকরা দ্রুত কাজ শেষ এবং কার্যকর তদারকি চান।
বর্জ্য ব্যবস্থাপনাও সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অনেক এলাকায় ময়লা অপসারণ না হওয়ায় পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে, নদীতে প্লাস্টিক ও শিল্পবর্জ্য মিশছে, যা জলদূষণ এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট করছে।
এই পরিস্থিতিতে ব্যবসায়ী সংগঠনগুলোও এগিয়ে এসেছে। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বিকেএমইএ রমজান মাসে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক মোতায়েন, প্রশাসনকে লজিস্টিক সহায়তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেছে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, একটি বা দুটি সংগঠনের পক্ষে দীর্ঘমেয়াদে সব দায়িত্ব বহন করা সম্ভব নয়।
বিশ্লেষকেরা বলছেন, নারায়ণগঞ্জের উন্নয়ন মানে শুধু শিল্প ও বাণিজ্যের প্রসার নয়, বরং স্বাস্থ্যকর, সুশৃঙ্খল ও বাসযোগ্য শহর গড়ে তোলা। আর সেই লক্ষ্য অর্জনে এখনই সকল স্টেকহোল্ডারের সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।





































