শান্তিপূর্ণ দুর্গাপূজার জন্য এসপিকে শুভেচ্ছা
শারদীয় দুর্গোৎসব সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
রোববার (১ নভেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সহসভাপতি তিলোত্তমা দাস ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের নেতৃত্বে নেতারা পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সহসভাপতি উত্তম সাহা ও সাধারণ সম্পাদক সুশীল দাস উপস্থিত ছিলেন।
দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধ নিয়ে সহযোগিতা করায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজা উদযাপন পরিষদের নেতারা।
শুভেচ্ছা বিনিময়কালে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, সম্প্রীতির জেলা নারায়ণগঞ্জে সব ধর্মের মানুষের সহযোগিতায় ২৪০টি মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। এ জন্য পূজা উদযাপন পরিষদসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা পুলিশ সব সময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন।
পূজা উদযাপন পরিষদের নেতারা বলেন, পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতার কারণে এবার নারায়ণগঞ্জে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে পূজা উদযাপন সম্ভব হয়েছে।





































