আনোয়ার প্রধান-রিফাতের পদ স্থগিতের প্রতিবাদে মিছিল
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এবং মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের পদ স্থগিতের প্রতিবাদে মৌন মিছিল করেছেন তাঁদের সমর্থক ও দলীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের নতুন কোর্ট এলাকায় জেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে চানমারি রেললাইন হয়ে চাষাঢ়ায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বক্তব্যে আনোয়ার প্রধান তাঁর পদ স্থগিতের সিদ্ধান্তকে অন্যায় ও অনৈতিক দাবি করে এর তীব্র নিন্দা জানান। একই সঙ্গে দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা যেন সাংগঠনিকভাবে বঞ্চনার শিকার না হন, সে বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেন।
আনোয়ার প্রধান বলেন, গত ৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিসংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে তাঁর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ এবং মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যপদ স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি দলের নেতাকর্মীদের কাছে বিচার চেয়েছিলেন। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা এতে ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে তাঁর সঙ্গে রাজপথে নেমেছেন।
তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে এসব নেতাকর্মী আমার সঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছেন। তাঁরা জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। দলের দুঃসময়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদের ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন করতে হবে।’
আনোয়ার প্রধান আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে তৃণমূলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। তাঁদের উপেক্ষা করা কিংবা দল থেকে দূরে সরিয়ে দেওয়ার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে দলের অভ্যন্তরে কোনো নেতাকর্মী যেন অন্যায়ভাবে বঞ্চনার শিকার না হন, সে বিষয়ে নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মৌন মিছিলে সদর ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আনোয়ার প্রধান ও শেখ আঞ্জুম আহমেদ রিফাতের সমর্থকেরা অংশ নেন।





































