সরকারি তোলারাম কলেজের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধন শেষ ১০ নভেম্বর
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। নগরীর ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নিতে প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
রোববার (১১ অক্টোবর) বিকেলে শহরের চাষাঢ়ায় বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সম্মেলনকক্ষে পুনর্মিলনী আয়োজন কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন পুনর্মিলনী আয়োজন কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ডা. মো. জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নবী হোসেন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, অধ্যাপক আতিকা খানম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট শামসুন নুর বাঁধন, নারায়ণগঞ্জ ক্লাবের পরিচালক খান আব্দুল কাদির মাহবুব বাবু, স্কাউট কমিশনার আরিফ মিহিরসহ আয়োজন কমিটির অন্য সদস্যরা।
সভায় পুনর্মিলনী উৎসবমুখর ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়, এটি হবে স্মৃতি, আবেগ, বন্ধুত্ব, ভালোবাসা ও ঐতিহ্যের মিলনমেলা। দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষার্থীরা একত্র হয়ে তাঁদের শিক্ষাজীবনের সোনালি দিনের স্মৃতিচারণের সুযোগ পাবেন।
বক্তারা আরও বলেন, কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে একটি সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৮ নভেম্বর ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য প্রাক্তন শিক্ষার্থীরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।





































