পাল্টা কমিটি ঘোষণা দিলেও আমলে নিচ্ছি না: আব্দুল আউয়াল
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পাল্টা কোনো কমিটি ঘোষণা করা হলে তা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আল্লামা আব্দুল আউয়াল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শহরের ডিআইটি জামে মসজিদ প্রাঙ্গণে জেলা ও মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আব্দুল আউয়াল বলেন, ‘হেফাজতে ইসলাম ২০১৩ সালে আল্লামা আহমদ শফী (রহ.) এর হাত ধরে প্রতিষ্ঠিত হওয়া একটি দ্বীনি সংগঠন। এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি, বরং আল্লাহর জমিনে দ্বীনকে সমুন্নত রাখতে ও বাতিলপন্থীদের জবাব দিতে মাঠে রয়েছে।’
তিনি বলেন, ‘২০১৩ সাল থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত হেফাজতের নেতাকর্মী ও মাদ্রাসা ছাত্ররা রাজপথে আন্দোলন ও শাহাদত বরণ করেছেন। এতদিন নারায়ণগঞ্জে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা ছিল। কেন্দ্রের নির্দেশে আজ জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। এখন থেকে প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ে দ্রুত কমিটি সম্পন্ন করা হবে।’
সংগঠন থেকে জামায়াতে ইসলামীকে দূরে রাখার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওলামায়ে দেওবন্দের সকলের ঐকমত্যের সিদ্ধান্ত মতে, জামায়াতে ইসলামীকে আমরা ইসলামী দল হিসেবে স্বীকৃতি প্রদান করিনি বিধায় তাদেরকে হেফাজতে নিতে পারিনি। তারা যতদিন পর্যন্ত সত্যিকার অর্থে নিজেদের ইসলামী দল হিসেবে পরিষ্কার না করবে, ততদিন পর্যন্ত আমরাও তাদের ব্যাপারে এই অবস্থানেই বহাল থাকব।’
পাল্টা শহর কমিটি গঠন প্রসঙ্গে আব্দুল আউয়াল বলেন, ‘কেন্দ্রীয় মেহমানদের উপস্থিতিতে যে কমিটি অনুমোদন করা হয়েছে, সেটিই একমাত্র গ্রহণযোগ্য। বিভ্রান্ত হয়ে নতুন করে কেউ পাল্টা কমিটি ঘোষণা দিলে তা আমরা আমলেও নিচ্ছি না। তবে তারা নিজেদের ভুল বুঝতে পেরে ফিরে এলে একসাথে কাজ করা হবে।’
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার ১৫১ সদস্য এবং মহানগর শাখার ১৫১ সদস্যবিশিষ্ট দুটি পূর্ণাঙ্গ কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।





































