অটোরিকশা গ্যারেজে মধ্যরাতে ডিপিডিসির অভিযান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের বিভিন্ন অটোরিকশা গ্যারেজে মধ্যরাতে ঝটিকা অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এনওসিএস শীতলক্ষ্যা দপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ এবং এনওসিএস শীতলক্ষ্যা ডিপিডিসি দপ্তরের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম তারেক তুষারের যৌথ নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, রাতের আঁধারে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার জন্য বিভিন্ন গ্যারেজে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। অভিযানকালে এসব অবৈধ সংযোগ হাতেনাতে শনাক্ত করে বিচ্ছিন্ন করা হয়।
এ সময় বিদ্যুৎ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনাস্থলেই জরিমানা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
এনওসিএস শীতলক্ষ্যা দপ্তরের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম তারেক তুষার বলেন, ‘বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা এবং ডিপিডিসির সিস্টেম লস শূন্যের কোঠায় নামিয়ে আনতে অবৈধ সংযোগের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। বিদ্যুৎ চোরদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের নৈশকালীন অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।’
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ বলেন, ‘রাষ্ট্রীয় সম্পদ চুরির বিরুদ্ধে জেলা প্রশাসন ও ডিপিডিসি একযোগে কাজ করছে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের আইনি পদক্ষেপ সামনে আরও জোরদার করা হবে।’
অভিযানে ডিপিডিসির কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।





































