সিটিজেনস ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত মাসুদুজ্জামান
সিটিজেনস ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন ব্যাংকটির স্পন্সর পরিচালক মাসুদুজ্জামান।
মাসুদুজ্জামান দেশের তৈরি পোশাক খাতে ২৮ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যবসায়ী নেতা। তিনি মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রাইন ড্রেস লিমিটেড ও সাদিয়া ফ্যাশন ওয়্যারস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক।
এছাড়া এমব্রো আর্চ, ওশান কালার, স্টেপ টু রেইনবো, আটলান্টিক অ্যাকসেসরিজ, সাদিয়া প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ এবং কেয়ামা কালারের সঙ্গে যুক্ত থেকে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের বিকাশেও ভূমিকা রেখেছেন তিনি।
দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে টানা ছয় মেয়াদে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে সম্মানিত করেছে।
ব্যবসার পাশাপাশি সামাজিক কল্যাণ, মানবিক কর্মকাণ্ড, ক্রীড়া ও কমিউনিটি উন্নয়নেও সক্রিয় মাসুদুজ্জামান। করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে অবদান রেখে আসছেন তিনি।
বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দেশের ক্রীড়া ও খেলাধুলার প্রসারেও তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক কল্যাণমূলক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন মাসুদুজ্জামান।





































