০১ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৩, ৩১ আগস্ট ২০২৬

চাষাঢ়া-পঞ্চবটি ৬ লেন ও মাদকবিরোধী যৌথ অভিযান চান এমপি আল আমিন

চাষাঢ়া-পঞ্চবটি ৬ লেন ও মাদকবিরোধী যৌথ অভিযান চান এমপি আল আমিন

নারায়ণগঞ্জে মাদক ও কিশোর গ্যাং দমনে সারাদেশে সমন্বিত যৌথ অভিযান এবং চাষাঢ়া-পঞ্চবটি সড়ক ৬ লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

সোমবার (৩১ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব দাবি জানান।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।

সভায় নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন আব্দুল্লাহ আল আমিন। তিনি মাদক ও কিশোর গ্যাং দমনে সারাদেশে সমন্বিতভাবে যৌথ অভিযান পরিচালনার আহ্বান জানান।

পাশাপাশি পুলিশের ওপর হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর জনবল ও সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

নারায়ণগঞ্জের যোগাযোগব্যবস্থার উন্নয়নে চাষাঢ়া-পঞ্চবটি সড়কটি ৬ লেনে উন্নীত করার দাবি জানিয়ে সংসদ সদস্য বলেন, জনবহুল এই এলাকার ক্রমবর্ধমান যানবাহনের চাপ মোকাবিলায় সড়কটির দ্রুত আধুনিকায়ন প্রয়োজন।

এ ছাড়া স্টেডিয়াম এলাকায় ওভারব্রিজ নির্মাণ এবং শীতলক্ষ্যা নদীতে অবৈধভাবে মাটি কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আব্দুল্লাহ আল আমিন বলেন, “রাজনৈতিক ভিন্নমত রাজনীতির জায়গায় থাকবে; কিন্তু নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে সরকারি দল, বিরোধীদল সবাইকে একযোগে কাজ করতে হবে। নারায়ণগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে কোনো অসহযোগিতা থাকবে না।”

সর্বশেষ

জনপ্রিয়