০১ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৮, ৩১ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা ৩ লাখ ১৫ হাজার

সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা ৩ লাখ ১৫ হাজার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালকে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি হাসপাতালের এক কর্মীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর ও জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে নয়াপুর জেনারেল হাসপাতাল ও আল সিফা হসপিটালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় পরিচালিত হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, হাসপাতাল দুটিতে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি, সেবার মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা, নির্ধারিত রেটের চেয়ে বেশি মূল্য নেওয়া, স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন কার্যক্রম পরিচালনা এবং ইচ্ছামতো সেবার মূল্য নির্ধারণের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এ ছাড়া যথাযথ ল্যাব টেকনিশিয়ান ছাড়াই নিয়মিত কর্মচারীদের দিয়ে প্যাথলজি পরীক্ষা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে আল সিফা হসপিটালকে ২ লাখ টাকা এবং নয়াপুর জেনারেল হাসপাতালকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আল সিফা হসপিটালের এক কর্মী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও প্যাথলজি পরীক্ষা করায় তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, জনস্বাস্থ্য নিশ্চিত করতে সোনারগাঁয়ের অন্যান্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতালেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে স্বাস্থ্য বিভাগের উপজেলা হাসপাতাল কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোস্তাফিজুর রহমান দিগন্তসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়