সোনারগাঁয়ে ১৫ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১৫ মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত।
শনিবার (২৯ আগস্ট) সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ওই ১৫ জনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পরদিন রোববার (৩০ আগস্ট) আটক ১৫ জনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের সাজা দেন। এর মধ্যে তিনজনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড এবং বাকি ১২ জনকে ৩০ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন সজল (২৮), রিফাত (২৮), রবিন (২৪), মো. আবুল হোসেন (৪০), মো. রাজু (২০), মোক্তার হোসেন (৩৬), আক্তার হোসেন (২৬), মো. আজিজুল হক (৪২), মো. আলী আকবর (৪২), মো. কাওসার (৩৬), আল আমিন (৪২), মো. বাছেদ (৪৮), আবুল কালাম (৪২), তৌফিকুল ইসলাম শাওন (২৫) ও মো. সোহাগ (২৫)।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।





































