০১ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩০, ৩১ আগস্ট ২০২৬

আপডেট: ২০:৩১, ৩১ আগস্ট ২০২৬

সর্বোচ্চ সক্ষমতা দিয়ে জনগণের পাশে থাকার আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

সর্বোচ্চ সক্ষমতা দিয়ে জনগণের পাশে থাকার আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

প্রশাসন ও জনপ্রতিনিধিদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে জনগণের পাশে থেকে নারায়ণগঞ্জের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

সোমবার (৩১ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, “আজকের এই সভা কেবল কোনো আনুষ্ঠানিকতা নয়। গণঅভ্যুত্থানের পর মানুষ যে গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা ফিরে পেয়েছে, তা অক্ষুণ্ন রেখে দলমত নির্বিশেষে একটি নিরাপদ ও উন্নত নারায়ণগঞ্জ গড়াই আমাদের মূল লক্ষ্য।”

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে অর্থনৈতিক চাহিদা ও অবকাঠামো উন্নয়নে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্যাস, পানি ও বিদ্যুতের মতো নাগরিক সেবার উন্নয়ন এবং অতীতের অনিয়ম দূর করতে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।

প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “সকল ক্ষেত্রে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে জনগণের পাশে থাকতে হবে। আগামী দিনে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নারায়ণগঞ্জের দীর্ঘদিনের সমস্যা নিরসনে আমাদের কাজ করে যেতে হবে।”

সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়