০১ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৫, ৩১ আগস্ট ২০২৬

ইটিপি দেখিয়ে লাইসেন্স, পরে বাস্তবায়ন নেই: আবুল কালাম

ইটিপি দেখিয়ে লাইসেন্স, পরে বাস্তবায়ন নেই: আবুল কালাম

নারায়ণগঞ্জে অনেক শিল্পকারখানা লাইসেন্স নেওয়ার সময় ইটিপি (বর্জ্য শোধনাগার) স্থাপনের ব্যবস্থা দেখালেও পরবর্তীতে তা বাস্তবায়ন করে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

সোমবার (৩১ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

সভায় গ্যাস সংকট প্রসঙ্গে অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “গ্যাস আমরা পাচ্ছি না দুটি কারণে। এর মধ্যে একটি জাতীয় সমস্যা, অপরটি হলো দীর্ঘ সময় ধরে যে সরবরাহ আছে। এর মধ্যে অবৈধ লাইন ব্যবহারের কারণে গ্যাসের চাপ কমে যাচ্ছে। আমরা গ্যাস পাচ্ছি না।”

বিদ্যুৎ সংকট ও প্রিপেইড মিটার প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের ভূতুড়ে বিলের কারণে সরকার আজকে এই পরিস্থিতিতে আসছে। প্রিপেইড মিটার যে ব্যবস্থা আসছে, সেটি আমাদের কল্যাণ নিয়ে আসবে। কারণ এখন যে সিস্টেম চলছে, ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত তারা বিল করে না। স্টেটমেন্ট বিল নিয়ে যায়। কিন্তু তিন মাস পরে দেখা যায়, একবারে ১০ হাজার টাকার বিল নিয়ে এসেছে। অথচ আমরা তিন মাস মাত্র ৯০ থেকে ১০০ টাকা করে বিল দিয়েছি। এই যে একটি ভুল-বোঝাবুঝি হচ্ছে, এটি আমাদের রুখতে হবে।”

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে আবুল কালাম বলেন, “এখানে সুপেয় পানির খুবই সমস্যা। একই সঙ্গে শীতলক্ষ্যা নদী দূষিত হয়েছে। যেভাবে কলকারখানা তৈরি হচ্ছে, এতে এখানে সেন্ট্রাল ইটিপির প্রয়োজন আছে। কারণ যে কারখানাগুলো তৈরি হচ্ছে, তারা ইটিপি করছে না। তারা লাইসেন্স নেওয়ার সময় ঠিকই নেয়, কিন্তু পরবর্তীতে আর সেটি বাস্তবায়ন করে না।”

তিনি বলেন, “এটি নিয়ন্ত্রণের জন্য সরকারের পক্ষ থেকে যদি নারায়ণগঞ্জের জন্য একটি সেন্ট্রাল ইটিপি ফ্যাক্টরি করতে পারি, তাহলে এখান থেকে রাজস্ব আদায় করা সম্ভব হবে এবং নদী ও পানি দূষণও বন্ধ করা যাবে। কারণ নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল।”

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ জেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়